ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বেশ কিছু বিশ্বরেকর্ডের মালিক হয়েছে দক্ষিণ আফ্রিকা।
শ্রীলংকার বিপক্ষে ৪২৮ রানের পাহাড় সমান স্কোর করে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করে প্রোটিয়ারা।
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টেম্বা বাভুমার দল।
তবে ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে চায় অজিরা।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের কাছে ৬ উইকেটে ম্যাচ হাতে তারা।
ব্যাটারদের ব্যর্থতায় প্রথমে ব্যাট করে মাত্র ১৯৯ রান করে অজিরা। মাঝারি মানের পুঁজি নিয়ে জবাব দিতে নেমে দারুণ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। ২ রানে ভারতের ৩ উইকেট তুলে নেয় তারা।
কিন্তু চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার স্বপ্ন ভঙ্গ করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া মানেই শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম দেয়া।
বিশ্বকাপে ইতিহাসে এই দু’দলের বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ রেকর্ড বইয়ে সেরা দশ ম্যাচের মধ্যে অনায়াসে জায়গা করে নিবে।
ইংল্যান্ডের মাটিতে ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে লিডসে নাটকীয়ভাবে জিতে ফাইনাল খেলে অস্ট্রেলিয়া।
২০০৭ বিশ্বকাপেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিলো দক্ষিণ আফ্রিকা।
অবশ্য গত বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ রানের জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৮ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার জয় ৫০টিতে ও দক্ষিণ আফ্রিকার জয় ৫৪টিতে। ৩টি ম্যাচ টাই ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।
সূত্রঃ আরটিভি