অপরাধী যত বড় নেতা হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, আইন সবার জন্য সমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। অপরাধী যত বড় নেতা হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।
এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের বিষয়ে হারুন অর রশীদ বলেন, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় দুটি ওয়ারেন্ট আছে।
জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় নাশকতা মামলা রয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে গণপরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি শুরু করেন। এ সময় বাধা দিলে পুলিশের ওপরেও হামলা করা হয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করে।