গাজীপুর প্রতিনিধি | ৭ অক্টোবর ২০২৫
নির্বাচনী দায়িত্ব সুচারুভাবে ও পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম আজ (মঙ্গলবার) গাজীপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে আজকের মূল আলোচ্য বিষয় ছিল “পরিদর্শন ও তদারকি কার্যক্রমের গুরুত্ব ও বাস্তবায়ন”। প্রশিক্ষণে বিস্তারিত দিকনির্দেশনা ও ব্যবহারিক পরামর্শ প্রদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা)।
তিনি বলেন,স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মাঠপর্যায়ের প্রতিটি ইউনিটে কার্যকর তদারকি এবং সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।”
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার) — উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ)। এসময় তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, ধৈর্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার কৌশল,সমন্বয় ও নজরদারি পদ্ধতি নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির আয়োজকরা জানান,এই ধরণের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস ও সক্ষমতা আরও বাড়াবে।