আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত চিঠি পাঠিয়ে এই আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন।
চিঠি গ্রহণ করেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের ফলে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ মিলে নতুনভাবে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসন। তাই বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে দুই থানার নেতাকর্মীদের একসঙ্গে কাজ করাই সময়ের দাবি।
তবে সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নিজেও মনোনয়ন প্রত্যাশী। কারণ সোনারগাঁয়ের ভোট Siddhirganj এর তুলনায় দ্বিগুণ, ফলে মনোনয়নে প্রাধান্য পেতে পারে সোনারগাঁওয়ের প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তবে এই আসনে ধানের শীষের সম্ভাবনা উজ্জ্বল। স্থানীয় নেতাকর্মীরাও আশাবাদী, শেষ পর্যন্ত সবাই মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হবেন।