ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। দায়িত্ব পালনের সময় মাথা ঠাণ্ডা রাখুন এবং ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করুন।”
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে “নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, তত সাধারণ জনগণের আস্থা অর্জন করতে পারব। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,বিগত ২০১৮ ও ২০২৪ সালের মতো নির্বাচনগুলো ভুলে গিয়ে এবার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা চাই বাংলাদেশ পুলিশ এমন একটি নজির স্থাপন করুক,যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হবে।”