
১ জুলাই ২০২৫ | বিশেষ প্রতিবেদন।
নারায়ণগঞ্জ, ১ জুলাই:
শীতলক্ষ্যা নদীর দুই পাড়—শহর ও বন্দরকে সংযুক্ত করতে বহু কাঙ্ক্ষিত ‘কদমরসুল সেতু’ দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‘শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলন’ ব্যানারে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, একটি মাত্র সেতুর অভাবে দীর্ঘদিন ধরে বন্দরবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। ঝড়বৃষ্টি কিংবা প্রতিকূলতা উপেক্ষা করে নদী পার হতে গিয়ে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পরেও শহর-বন্দর সংযোগের জন্য এই সেতুর বাস্তবায়ন না হওয়াকে তারা ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন।
স্মারকলিপিদাতারা অভিযোগ করেন,বর্তমানে ৫ নম্বর ঘাট এলাকা দিয়ে সেতু নির্মাণের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে থাকলেও, কিছু ব্যক্তি ‘ভুয়া যানজটের অজুহাতে’ এর বিরোধিতা করছেন। এতে প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা জনগণের স্বার্থবিরোধী। তারা বলেন, যানজট একটি সমাধানযোগ্য সমস্যা, কিন্তু এই সেতু না থাকায় লক্ষাধিক মানুষের জীবনমান বাধাগ্রস্ত হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, সেতুর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি। আশা করা হচ্ছে, দ্রুত এই সমস্যা সমাধান করে বিদ্যমান নকশা অনুযায়ী নির্মাণকাজ শুরু করা যাবে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম আব্দুস সালাম, আবুল কালাম আহমদ,মো. মাঈন উদ্দিন মানিক, অ্যাডভোকেট মো.শরীফুল ইসলাম শিপলু, ডা.ফারুক হোসেন, কাজী সুজন, হাজী শাকিল, মো.আলমগীর, অ্যাডভোকেট আসিফুজ্জামান ও এমকে মামুন প্রমুখ।
নাগরিকরা জানান, কদমরসুল সেতু শুধু শহর ও বন্দরকে সংযুক্ত করবে না, বরং এটি নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের পথকেও মসৃণ করবে। তারা দ্রুত সেতু নির্মাণ কাজ শুরুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।