আড়াইহাজারে আওয়ামী লীগ দোসর,শাহীন ও আবু লায়েজের তাণ্ডব,আতঙ্কিত গ্রামবাসী।
নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাককান্দা ইউনিয়নে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের লাগামহীন তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ খাককান্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন ও আড়াইহাজার থানা মৎস্যজীবী লীগের সভাপতি আবু লায়েজের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় দোর্দণ্ড প্রতাপে অপকর্ম চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এই চিহ্নিত সন্ত্রাসী দলের সদস্যদের মধ্যে রয়েছেন মঞ্জু (পিতা: আল আমিন), হারুন (পিতা: মৃত আব্দুস সামাদ), আলী আস্কর ওরফে আলী আজগর, আলামিন (পিতা: মৃত খোরশেদ আলী), আবু এবং মনির (পিতা: আব্দুর রহমান)। এদের বিরুদ্ধে খাককান্দা দক্ষিণ নয়াপাড়া গ্রামের একাধিক পরিবারের উপর হামলা, হুমকি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের আগেও তারা বিএনপি-মনস্ক মানুষদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের মতো অপকর্মে লিপ্ত ছিল। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন ও তার পরিবারসহ বিএনপি সমর্থিত একাধিক পরিবার আজও বাড়িছাড়া অবস্থায় আছেন। তাদের কেউ কেউ আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই বাহিনীর পৃষ্ঠপোষকতায় তৎকালীন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন, তাদের হয়ে কাজ করেছেন। তার সহযোগিতায় ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ কবির হোসেনকে একটি মিথ্যা মামলায় আসামি করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়।
এলাকাবাসীর দাবি, শাহীন ও আবু লায়েজ প্রশাসনকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। প্রতিনিয়ত সাধারণ মানুষ হুমকি, হামলা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী মকবুল হোসেনসহ গ্রামের বহু মানুষ জোর দাবি জানাচ্ছেন—শাহীন, আবু লায়েজ ও তাদের সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।