নারায়ণগঞ্জ, ২৬ জুন ২০২৫:
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ, চালকদের প্রশিক্ষণ, ডোপ টেস্ট এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে বিআরটিএ ও জেলা প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ।
নারায়ণগঞ্জ জেলার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর যৌথ উদ্যোগে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন এবং পরিবহন খাতের নেতৃবৃন্দ।
সভায় আলোচ্য বিষয় ছিল,পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র বাধ্যতামূলককরণ,চালকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি,নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা,চালকদের নিয়মিত ডোপটেস্ট নিশ্চিত করা,পরিবহন শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন,সড়কের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ,মনিটরিং কমিটি গঠন করে সড়ক ব্যবস্থাপনার ওপর নজরদারি জোরদার করা।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন,“অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য মাদকাসক্ত চালকরাই দায়ী।তাই চালকদের জন্য নিয়মিত ডোপটেস্ট অত্যন্ত জরুরি। এছাড়া,মহাসড়কের পাশে দ্রুত চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হলে দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।”
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা অনেক সময় পরিবর্তন এড়াতে চাই,কিন্তু সমাজের উন্নয়নের জন্য এই পরিবর্তনগুলো অত্যাবশ্যক। আমাদের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, আগামী দিনে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
এই মতবিনিময় সভা নারায়ণগঞ্জে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগে জেলার সড়ক ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলেই আশা করা যাচ্ছে