যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শত শত বিঘা বাদাম খেত প্লাবিত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। গত দুই-তিন দিন আগে হঠাৎই নদীর পানি বাড়তে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন,বাদাম ক্ষেত নষ্ট হওয়ায় অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। সরকারিভাবে তাদের সহায়তার দাবি জানাচ্ছি।
কৃষক বলেন,এবার বাদামের ভালো ফলন হয়েছিল।কিন্তু,হঠাৎ পানি আসায় অনেক জমির বাদাম নষ্ট হয়ে গেছে।
শনিবার ৩ মে সরেজমিনে উপজেলার স্থল ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন চর এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা কোমর পানিতে নেমে পাকা,আধা পাকা বাদাম তুলছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়,এ বছর যমুনার বুকে জেগে ওঠা প্রায় দুই হাজার ২০০হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। কিছুদিনের মধ্যে কৃষকরা বাদাম ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু,দুই-তিন দিন আগে হঠাৎ যমুনার পানি বাড়তে শুরু করে। এতে চরের অনেক নিচু ক্ষেত তলিয়ে দুই শতাধিক হেক্টর জমির প্রায় ৯০০ মণ বাদাম নষ্ট হয়েছে।