প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১২:১৬ এ.এম
উত্তরায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতি নিহত।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোর্টবাড়ি,রাজধানীর উত্তরায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতি নিহত হয়েছেন।নিহতরা হলেন মাসুম মিয়া (২৫) ও ইতি খাতুন (১৯)।
মুমূর্ষু অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থলেই মারা যান ইতি।
মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার আট নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে তারা রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলন। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা ৬টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি মারা যান। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই নবদম্পতি। তখন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী। আর পথচারীরা তার স্বামীকে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী মাসুম মিয়া নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.