খুলনা ব্যুরোঃ
হাজার হাজার মুসল্লির অংশ গ্রহনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শনিবার খুলনা জেলা ইজতেমা শেষ হচ্ছে । মোনাজাত শুরু হবে দুপুর পৌনে ১২ টায়। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলিগ জামাতের আয়োজনে এই ইজতেমার সূচনা হয়।
গত দুদিন ফজরের পর, জোহর/জুমা বাদ, আসর বাদ এবং মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামারা বয়ান দেন বলে জানিয়েছেন খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা ।
এবারের ইজতেমায় সৌদি আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভারতের ভুপাল থেকে ৩৬ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। খুলনার ময়ূরী আবাসিকের শেষ প্রান্তে ইজতেমা ময়দানে খুলনার বিভিন্ন উপজেলা ছাড়াও পাশের জেলার মুসল্লিরা এখানে এসে উপস্থিত হয়েছেন।
ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য নিরাপত্তায় শক্তিশালী করা নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বণিক মনিটর করছে। মঞ্চের দুই পাশে দুটি টিম এবং প্রবেশপথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া প্রধান প্রবেশপথে টহল টিম কর্তব্যরত রয়েছে।
২৪ ঘণ্টা তিন শিফটে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলছে আইনশৃংখলা বাহিনী বলে জানিয়েছেন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা হরিণটানা থানার এসআই ইসমাইল হোসেন ।