প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকা থেকে দেশে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা গণতন্ত্রের বিরুদ্ধে যে কাজগুলো করেছেন, সেগুলোর দায় স্বীকার করে নিতে হবে। তাহলে হয়তো জনগণের ক্ষোভ থেকে রক্ষা পেতে পারেন। আরেকটা কারণে বাঁচতে পারেন। যদি আমেরিকা থেকে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান, এতে লজ্জার কিছু নেই। বলবেন, যা হওয়ার হইছে, আসেন সব ঠিক করি।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বের দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বর্তমান সরকারের সময় শেষের দিকে চলে এসেছে। যাওয়ার সময় হয়ে গেছে। এবার একতরফা নির্বাচন আপনি (প্রধানমন্ত্রী) করতে পারবেন না।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে কোর্ট বেকায়দায় পড়ে গেছে। আমেরিকা কোর্টকেও ভিসানীতির আওতায় নিয়ে এসেছে। এ সরকার শেষের দিকে চলে এসেছে। তারা গত ১৫ বছর অনেক খারাপ কাজ করেছে। শেষ সময়ে কিছু ভালো কাজ করলে জনগণের রোষানল থেকে বাঁচতেও পারে।
বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকায় অনিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন। এর একমাত্র সমাধান তত্ত্বাবধায়ক সরকার।নির্বাচন আপনি করতে পারবেন না। নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ,প্রমুখ।