ব্যবসায়ীদের প্রধান সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আরবিট্রেশন সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)।
সম্প্রতি এফবিসিসিআই’র গুলশান কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান আইসিসির চেয়ারম্যান মারিয়া ফার্নান্দা গারজা।
এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ‘আরবিট্রেশনের ক্ষেত্রে আইসিসি যে ধরনের সেবাগুলো দেয়, সেটি এক কথায় অসাধারণ। আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ও সমাধানে আইসিসির প্রতিটি পদক্ষেপ থেকে শেখার অনেক কিছু আছে। আইসিসি ইতোমধ্যে আরবিট্রেশন নিয়ে বেশকিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।এফবিসিসিআইর আরবিট্রেশনকে শক্তিশালী করতে আইসিসির প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।’ এজন্য প্রয়োজনে আইসিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার কথাও জানান তিনি।
বেসরকারি খাতের দক্ষতা উন্নয়নে গবেষণার ক্ষেত্রেও আইসিসির কাছ থেকে সহযোগিতা চান এফবিসিসিআই সভাপতি। এ সময় আইসিসি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন মাহবুবুল আলম।
মারিয়া ফার্নান্দা গারজা আইসিসি আরবিট্রেশন কর্তৃক প্রদত্ত সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। চলতি বছরের ১৯ জানুয়ারি প্রকাশিত নতুন ঘোষণা অনুযায়ী, খুব অল্প সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে বলেও জানান তিনি।
আন্তঃসীমান্ত বাণিজ্যের ওপর গুরুত্ব আরোপ করে মারিয়া ফার্নান্দা গারজা বলেন, বিশ্ব এখন একটি বিশেষ সময় পার করছে। বর্তমান প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত বাণিজ্যের বিকল্প নেই।
তিনি ব্যবসায়িক খাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বর্তমান সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, পরিচালকসহ অন্য ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।