সারা দেশের নেতাকর্মীদের তৈরি থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সময় এসে গেছে, সবাই প্রস্তুত হোন। সবাইকে তৈরি থাকতে হবে। যার যা আছে, তাই নিয়ে আপনারা তৈরি থাকুন।’
বুধবার (১৮ অক্টোবর) রাজধানী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা আমাদের নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে, তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।’
বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে, উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘শুধু একটু ধাক্কা দিতে হবে। এই নয়া পল্টনে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসব। সবাই তৈরি আছেন তো?’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘যেকোনো সময় গণঅভ্যুত্থান হবে। শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী।’
আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, ‘ঢাকাবাসী এই সরকারের পতনের জন্য আপনারা তৈরি আছেন তো? এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আগামীতে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।