ময়মনসিংহ জেলা প্রতিনিধি::
নজরুল বর্ষ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দর্শনের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা.জাহেদ উর রহমান বলেন, নজরুলের মতো উদার ও মধ্যপন্থী মানুষ খুব বেশি নেই। নতুন প্রজন্মের কাছে নজরুলের চিন্তা, কর্ম ও আদর্শ তুলে ধরতে হবে। দেশের স্কুলগুলোতে নজরুল সংস্কৃতির চর্চা নিশ্চিত করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কার্যক্রম শুধু বিশেষ কোনো উপলক্ষে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালু রাখতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
প্রতিভাবান শিশু-কিশোরদের রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের সাংস্কৃতিক খাতকে এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ অঞ্চলের শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে,সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগের চার জেলা প্রশাসক,জেলা তথ্য কর্মকর্তাসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো.আবদুল জলিল উপস্থিত ছিলেন।