মোহাম্মদ হোসেন হ্যাপী।
দেশের শিল্প ও ব্যবসা খাতকে টিকিয়ে রাখতে দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান এবং টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দেশের তিন শীর্ষ ব্যবসায়ী নেতা। তারা বলেছেন, বর্তমান সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রভাবে দেশের প্রায় ১৫০টি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। মাধবদী, নরসিংদী,শেখেরচর,সিরাজগঞ্জ,পাবনা ও টাঙ্গাইলের অধিকাংশ তাঁত কারখানাও উৎপাদন সংকটে রয়েছে। ফলে লাখ লাখ শ্রমিক ও তাঁতি কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন,উৎপাদন সংকটের মধ্যেই ১ শতাংশ টার্নওভার ট্যাক্স ব্যবসায়ীদের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে। এ কর নীতি পুনর্বিবেচনা না করলে শিল্প খাত আরও ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন কমার পাশাপাশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। তাই শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া জরুরি।
ব্যবসায়ী নেতারা বলেন,দেশের রপ্তানি আয়,কর্মসংস্থান ও অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিকল্প নেই।