বিশেষ প্রতিনিধি:সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিনের বিপরীতে প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা হারে মোট ১ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এছাড়া নদীগর্ভে বিলীন হওয়া আরও ১৫টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ১৩৩টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।