নিজস্ব প্রতিবেদক:
পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর ফলে বুধবার ঘোষিত এনসিপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় আটকে দেয় পুলিশ।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,বুধবার বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা,সমাবেশ,মিছিল, বিক্ষোভ ও সব ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে লাঠিসোঁটা,ইট-পাটকেল,দেশীয় অস্ত্র বা আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন বস্তু বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এনসিপির নেতারা অভিযোগ করেন,আগের দিনের হামলার ঘটনায় মামলা করতে চাইলেও ১৪৪ ধারার কারণে তাদের শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে দীর্ঘ আলোচনার পর পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে অভিযোগ জমা দেন তারা।
প্রসঙ্গত, আগের দিন হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে দলটি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি থাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।