মোহাম্মদ হোসেন হ্যাপী।
পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আদালতে উপস্থিত হওয়ার পর তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।
হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আইভী বলেন, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আজ আমাকে অপরাধী হিসেবে দাঁড় করানো হয়েছে। এর বিচার জনগণ ও মহান আল্লাহ করবেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আদালতের আদেশ অনুযায়ী চার্জশিট না হওয়া পর্যন্ত আইনজীবী তার পক্ষে হাজিরা দিতে পারবেন। তবে বিচারকাজে সাক্ষ্যগ্রহণ শুরু হলে আইভীকে আদালতে উপস্থিত থাকতে হবে।
তিনি আরও জানান, এই আদেশ শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার জন্য প্রযোজ্য। অন্য মামলাগুলোতে এখনো এমন কোনো আদেশ হয়নি।
প্রসঙ্গত,২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে ডা.সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সমর্থকদের বাধা ও পুলিশের গাড়িবহরে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়, যেখানে আইভীকেও আসামি করা হয়েছে।