নারায়ণগঞ্জ:
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় আগামী রোববার (২৬ জুলাই) জেলার সব সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা প্রশাসনের পিআরও পবিত্র চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, প্রতি শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা পরিষদ এবং সব ইউনিয়ন পরিষদ এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
এছাড়া আগামীকাল জেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বুদ্ধকরণ সভা এবং পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও জনসম্পৃক্ত করতে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে পৃথক স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।

জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়,এটি আমাদের সবার নাগরিক দায়িত্ব। এই নারায়ণগঞ্জ আমাদের সবার। তাই নিজেদের আশপাশ পরিষ্কার রাখা এবং অন্যদেরও উদ্বুদ্ধ করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন জেলায় পরিণত করতে পারব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন,আগামীকালের কর্মসূচি সফল করতে আমরা আজ সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছি এবং প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। সবার অংশগ্রহণেই এই উদ্যোগ সফল হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন,জেলা প্রশাসনের এ উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা,জনসচেতনতা এবং ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ দেশের অন্যান্য জেলার জন্য পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় একটি অনুসরণীয় মডেল হয়ে উঠতে পারে।