নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জনকল্যাণমূলক এ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা,ওষুধ বিতরণ এবং গবাদি পশুর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০০ জন সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। একই সঙ্গে ভেটেরিনারি ক্যাম্পে ২০০টি গবাদি পশুর চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এতে নারী ও শিশু স্বাস্থ্য,চক্ষু চিকিৎসা, সাধারণ চিকিৎসাসহ পশু চিকিৎসার সেবা একসঙ্গে প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি,ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে প্রশংসা করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।