বিশেষ প্রতিনিধি:
জুলাইয়ের চেতনায় জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার, শিগগিরই ঘোষণা হবে পৌর ও উপজেলা কমিটি।
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে জুলাই শহীদ সামিদ হোসেনের কবর জিয়ারত করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) পৌর আহ্বায়ক কমিটির কার্যক্রমের সূচনা উপলক্ষে এনসিপি মুক্তাগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী ডা. মাকামে মাহমুদের নেতৃত্বে নবগঠিত পৌর কমিটির সদস্যরা শহীদ সামিদ হোসেনের কবর জিয়ারত করেন।
এ সময় নেতাকর্মীরা শহীদ সামিদ হোসেনের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। সেই চেতনা ধারণ করেই এনসিপি মুক্তাগাছা সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি মুক্তাগাছা পৌর সমন্বয় কমিটি ও উপজেলা আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।