স্টাফ রিপোর্টার | মোঃ আরিফুল ইসলাম মুরাদ, সিনিয়র সাংবাদিক।
আজ পবিত্র জুমার দিনে দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা হয়েছে। খুতবায় ইমাম ও খতিবরা তাকওয়া,আত্মশুদ্ধি, নৈতিকতা এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় বলা হয়, জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। তবে কেবল জুমার নামাজই নয়, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। নিয়মিত ইবাদত,কোরআন-সুন্নাহর অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টাই একজন মুমিনের প্রকৃত জীবনধারা।
খুতবায় আরও গুরুত্ব দেওয়া হয় হালাল উপার্জন, সততা, ন্যায়পরায়ণতা,অন্যের অধিকার রক্ষা, সামর্থ্য অনুযায়ী যাকাত আদায় এবং হজ পালনের ওপর। পাশাপাশি মা-বাবার প্রতি সম্মান,সেবা-যত্ন ও দায়িত্বশীল আচরণের বিষয়টি বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়। ইসলামের শিক্ষা অনুযায়ী, মানবসেবা ও উত্তম চরিত্র গঠনও ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ।
ধর্মীয় আলোচনায় মুসল্লিদের স্মরণ করিয়ে দেওয়া হয়, পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। একদিন প্রত্যেক মানুষকেই মহান আল্লাহর দরবারে ফিরে যেতে হবে এবং নিজের কর্মের হিসাব দিতে হবে। তাই ইমান অটুট রেখে নেক আমল,মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
খুতবার শেষে দেশ,জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ইবাদত-বন্দেগি,সৎকর্ম,মানবসেবা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন।