নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ
জেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা,শহীদ পরিবার ও আহতদের জন্য বাস্তবমুখী উদ্যোগের ওপর গুরুত্বারোপ
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের প্রতি সম্মান জানানো হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য,আহত যোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। তাই তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা বাস্তব উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তিনি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে নির্দিষ্ট কন্টাক্ট পারসন নিয়োগ, জুলাই স্মৃতিস্তম্ভের অবকাঠামো উন্নয়ন, জুলাই-সংশ্লিষ্ট হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আস্থার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সন্ত্রাস, মাদক ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।