নিজস্ব প্রতিবেদক | সোনারগাঁও।
উপজেলা প্রশাসনের স্মরণ সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা, আহতদের সহযোগিতার আশ্বাস।
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত ও সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন,জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়,এটি সমগ্র জাতির অর্জন। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন,সাম্প্রতিক একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উল্লেখ করে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান বজায় রেখে ঐক্য ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্মরণ সভায় বক্তারা বলেন,জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।