নিজস্ব প্রতিবেদক | সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর.বিলকিস জাতীয় পর্যায়ে দেশ সেরা প্রাথমিক শিক্ষক (প্রাথমিক শিক্ষা পদক-২০২৬) অর্জন করে সোনারগাঁবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই সম্মানজনক পদক তুলে দেন। এ সময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনসহ দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ,সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পদক প্রদান অনুষ্ঠানটি সারাদেশে সরাসরি সম্প্রচার করা হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি উপভোগ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত,বিভিন্ন সরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছেন প্রধান শিক্ষক বি.আর.বিলকিস। তার নেতৃত্বে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে।
এই অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের বিদ্যালয়ের নয়,পুরো সোনারগাঁ উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তার এই সাফল্যে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।