নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম, অভিযোগকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অভিযোগ নিষ্পত্তিতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে একটি ধর্ষণ মামলার ভুক্তভোগীও তদন্তে গড়িমসি ও হয়রানির অভিযোগ করেছেন।
অভিযোগকারী শানু আক্তার শান্তার দাবি,মামলা দায়েরের পর থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। আসামির অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য,আসামি গ্রেপ্তারের আশ্বাস দিয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অপেক্ষা করানো হলেও শেষ পর্যন্ত কোনো অভিযান পরিচালিত হয়নি। তদন্ত কর্মকর্তা ও ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টাও অনেক সময় ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে,এক নারী সাংবাদিকও ওসি আশরাফ হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম,অভিযোগকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অভিযোগ নিষ্পত্তিতে চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন। তার দাবি,এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ওসি আশরাফ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগকারীরা ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।