বিশেষ প্রতিনিধি:
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতির কর্মময় জীবন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশের সাবেক স্পিকার,সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন,ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি যেমন সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে আইনজীবীদের ঐক্যবদ্ধ করতেও অবদান রেখেছেন।
মন্ত্রী বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,রাষ্ট্রপতি আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করেন। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তাঁর দায়িত্বশীল ভূমিকা দেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
তিনি আরও বলেন,শিক্ষা বিস্তারে তাঁর অবদানও স্মরণীয়। পঞ্চগড়ে প্রতিষ্ঠিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটতাঁর দূরদর্শী চিন্তার প্রতিফলন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা,সততা,মানবিক মূল্যবোধ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোকবার্তার শেষে মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবার,স্বজন,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।