নিজস্ব প্রতিবেদক:
এফএ থেকে সিইও,বীমা দাবির একটি চেক যেভাবে বদলে দিল মো.কাজিম উদ্দিনের জীবন।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো.কাজিম উদ্দিনের জীবনের মোড় ঘুরেছিল একটি বীমা দাবির চেক হস্তান্তরের মাধ্যমে। জেনে নিন তাঁর অনুপ্রেরণাদায়ক সফলতার গল্প।
সংবাদ:
একটি বীমা দাবির চেক হস্তান্তরের অভিজ্ঞতাই বদলে দিয়েছিল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.কাজিম উদ্দিনের জীবন। একজন সাধারণ ফিল্ড অ্যাসোসিয়েট (এফএ) থেকে দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানের সিইও হওয়ার পেছনে এই ঘটনাকেই জীবনের সবচেয়ে বড় প্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।
১৯৮৭ সালে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করলেও ভাগ্যের পরিক্রমায় তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে এফএ হিসেবে যোগ দেন। তাঁর প্রথম গ্রাহক ছিলেন চট্টগ্রামের কাঠমিস্ত্রি নাসির উদ্দিন,যিনি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় একটি জীবনবীমা পলিসি গ্রহণ করেছিলেন।
পলিসি নেওয়ার মাত্র এক সপ্তাহ পর সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিনের মৃত্যু হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁর মায়ের হাতে ৪০ হাজার টাকার বীমা দাবির চেক তুলে দেওয়া হয়। অসহায় পরিবারের মুখে স্বস্তির হাসি দেখে গভীরভাবে অনুপ্রাণিত হন কাজিম উদ্দিন।
তিনি বলেন,একজন ডাক্তার হয়েও হয়তো এভাবে একটি পরিবারের পাশে দাঁড়াতে পারতাম না।
এই অভিজ্ঞতাই তাঁকে বীমা খাতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। পরিশ্রম,সততা ও নেতৃত্বের গুণে তিনি ধাপে ধাপে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছান।