স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার মাদক উদ্ধারের অভিযানের নামে সোনার চেইন চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ঘটনাটি জেলা পুলিশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তল্লাশির আড়ালে স্বর্ণের চেইন চুরির অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিলে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এসআই খায়রুল বাশারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার অভ্যন্তরে আলোচনা,সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।