বিশেষ প্রতিনিধি:
ত্রিশালে সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের অভিযোগে মহিলাদল নেত্রী শিরিনা আক্তারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে।
ময়মনসিংহের ত্রিশালে সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মহিলাদলের প্রচার সম্পাদক শিরিনা আক্তারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী,ত্রিশালের বাঘমারা এলাকায় সংঘটিত একটি হানিট্র্যাপের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে শিরিনা আক্তারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে অর্থ আদায় করতেন। এছাড়া শিরিনা আক্তারের বিরুদ্ধে অপহরণ ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও স্থানীয়ভাবে উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, অভিযোগ তদন্তে প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।