পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.সানি মৃধা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই)দিবাগত রাত ১টা ১০ মিনিটে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় চক্ষু হাসপাতালের সামনের এলাকা থেকে সানি মৃধাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সানি মৃধার বাড়ি পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।