নিজস্ব প্রতিবেদক:মোঃ খান রাজু।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মসজিদ দখলের চেষ্টা,চাঁদা দাবি,হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মসজিদটির সহ-সভাপতি ও সাংবাদিক।
অভিযোগকারী জানান,তিনি বাংলার গৌরব ও জাতীয় বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দৈনিক বার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি সাইনবোর্ড কেন্দ্রীয় মসজিদের সহ-সভাপতি হিসেবে,দায়িত্ব পালন করছেন।
তিনি দাবি করেন,৫ আগস্ট পরবর্তী সময়ে এলাকায় মসজিদ না থাকায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে জান্নাতুল ইব্রাহিমী মাদ্রাসার মুফতি আনিসুর রহমান,স্থানীয় এলাকাবাসী এবং এক প্রবাসীর আর্থিক সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়।
তার অভিযোগ,১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর স্থানীয় একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কয়েকজন ব্যক্তি মসজিদটি দখলের চেষ্টা শুরু করেন। এ সময় তারা চাঁদা দাবি,মসজিদের খাদেমকে মারধর এবং মসজিদের অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও তোলেন।
তিনি আরও জানান,এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেন,যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পরে পুনরায় হুমকি দেওয়ায় পৃথক একটি মামলা দায়ের করা হয়,যা বর্তমানে পিবিআই তদন্ত করছে।
অভিযোগ অনুযায়ী,গতকাল একটি রাজনৈতিক সভা শেষে মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন,হামলাকারীদের মধ্যে আহমেদ আল ইরফান, গোলাম আজম,সাইফুল ইসলাম,ইমদাদ হোসেন,আশরাফুল জান্নাত,আশরাফ পাঠানসহ আরও কয়েকজন ছিলেন। তাদের সবাইকে তিনি দেখলে শনাক্ত করতে পারবেন বলেও দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জুলেখা,ইমাম হো.বাপ্পি,মো.আখীনুর চৌধুরী—যিনি দৈনিক বাংলার গৌরব পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,জাতীয় সাংবাদিক ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মসজিদে রাসুল (সা.)জামে মসজিদের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মসজিদ পরিচালনা কমিটির সদস্য,স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন,হামলার সময় তাকে স্থানীয় সংসদ সদস্যের সভাস্থলের সামনে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনো বাধা দেওয়া হয়নি। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা স্থানীয় কয়েকজন মুসল্লি ও এলাকাবাসীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ও মসজিদের খাদেমের ওপর হামলা,চাঁদাবাজি,দখলচেষ্টা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য,এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।