প্রতিবেদক: ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
মাসের পর মাস চলাচলের অনুপযোগী থাকা ইসদাইর সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ,শিক্ষার্থী ও স্থানীয়দের ভোগান্তি কমছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তাৎক্ষণিক হস্তক্ষেপে মেরামতের কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা,শিক্ষার্থী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার আশা তৈরি হয়েছে।
জানা গেছে,নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ইউনিয়নের চাষাড়া-সাইনবোর্ড লিংক রোড থেকে বৃহত্তর ইসদাইর প্রবেশ সড়কটি গত কয়েক মাস ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রতিদিন রিকশা উল্টে যাওয়া,গাড়ির ক্ষতি এবং দুর্ঘটনার ঘটনা ঘটছিল। একই সঙ্গে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতও চরম দুর্ভোগে পড়েছিল।
সোমবার কার্যালয়ে যাওয়ার পথে জেলা প্রশাসক মো. রায়হান কবির সড়কটির বেহাল অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। নির্দেশের পর মঙ্গলবার সকালে মেরামত কাজ শুরু হয়। রড, সিমেন্ট, ইটের সুরকি ও বালু দিয়ে টেকসইভাবে সড়কটি সংস্কার করা হচ্ছে।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,জনগণের দুর্ভোগ লাঘব করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। একটি রাস্তার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ কষ্ট পেলে তা দ্রুত সমাধান করা জরুরি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা কাজ করছি।
সড়ক সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসী,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।