নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কাব স্কাউট’নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে এনেছে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা দত্ত। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অবন্তিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনও বলেন,স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে অবন্তিকা যে সাফল্য অর্জন করেছে,তা নতুন প্রজন্মকে দেশপ্রেম,শৃঙ্খলা ও নেতৃত্বের চর্চায় উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে কাব স্কাউটদের সাফল্য নিশ্চিত করতে উপজেলা স্কাউট নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা শাখার কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফীসহ বিভিন্ন স্কাউট নেতা উপস্থিত ছিলেন।
অবন্তিকা দত্ত তার অনুভূতি প্রকাশ করে বলে,স্কাউটিংয়ের মাধ্যমে সে সেবা,শৃঙ্খলা ও আত্মবিশ্বাস অর্জন করেছে। শিক্ষক,অভিভাবক ও স্কাউট নেতাদের সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করতে চায় বলে জানায় সে।