প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে কিশোরদের খেলাধুলা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লিগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আয়োজন করা হয় সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতি সংসদ মাঠে টিম ক্রিয়েটিভের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু এবং নাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিম ক্রিয়েটিভের প্রধান সংগঠক আলমগীর হোসেন আলম।
প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম সুজন বলেন, খেলাধুলা ও জ্ঞানচর্চা একটি সুস্থ,সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন,শুধু দক্ষ খেলোয়াড় নয়,আদর্শবান ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলাও আমাদের লক্ষ্য হওয়া উচিত। টিম ক্রিয়েটিভের এ আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।
আয়োজক আলমগীর হোসেন আলম বলেন,কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই ফুটবল লিগ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। তরুণদের মধ্যে নেতৃত্ব,সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।
তিনি জানান,ভবিষ্যতেও টিম ক্রিয়েটিভ খেলাধুলা,শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজের তরুণদের উন্নয়নে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ফুটবল লিগের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
উপস্থিত অতিথিরা কিশোরদের বিকাশে এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।