প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সকালে নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর ডা.শফিকুর রহমান এ ঘোষণা দেন।
প্রার্থী ঘোষণার সময় ডা.শফিকুর রহমান বলেন,আমরা বাংলাদেশে অসৎ নেতৃত্বের পরিবর্তন করে সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে অবিলম্বে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন,নারায়ণগঞ্জে অনির্বাচিত প্রশাসক ব্যবস্থা প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দিতে হবে।
মেয়র প্রার্থী ঘোষণা করে তিনি বলেন,কিশোর বয়স থেকে সততা, আদর্শ ও জনসেবার মানসিকতা নিয়ে বেড়ে ওঠা একজন ব্যক্তিকে আমরা আপনাদের সামনে উপহার দিচ্ছি। তিনি হলেন আপনাদের প্রিয় জননেতা মাওলানা আবদুল জব্বার। আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করছি।এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সম্মেলনস্থলে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক হাত তুলে এবং তাকবির ধ্বনির মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন,সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। ভোট জালিয়াতি,হুমকি-ধমকি,কালো টাকার প্রভাব ও নির্বাচনী প্রকৌশল যেন আর না হয়।
তিনি আরও বলেন,সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে নারায়ণগঞ্জবাসী একজন সৎ, দক্ষ,যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে বলে আমরা বিশ্বাস করি।”
মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।