নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে একটি সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মো. রায়হান কবির। কর্মশালায় উপস্থিত ছিলেন ডা.আ,ফ মশিউর রহমান,ইব্রাহিম হোসেন,সিফাত উদ্দিন এবং ব্র্যাক.নেট,এর প্রতিনিধি ও বিভিন্ন এনজিও কর্মী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন, মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান,জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসীদের সহায়তার জন্য একটি হেল্প ডেস্ক চালু রয়েছে। বিদেশে অবস্থানরত বা প্রবাসফেরত ব্যক্তিদের বিভিন্ন সমস্যা সমাধানে এ ডেস্ক সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন বৈধ উপায়ে বিদেশ গমনের আহ্বান জানিয়ে বলেন,সোনারগাঁও ও আড়াইহাজারসহ কিছু এলাকায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি বেশি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় বক্তারা মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী,স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।