তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ,নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের যুব সংলাপে উন্নয়ন,সুশাসন ও অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
নারায়ণগঞ্জে আজ (১৩ জুন,শনিবার) অনুষ্ঠিত হলো নির্বাচনোত্তর তরুণদের ভাবনা, শীর্ষক এক গুরুত্বপূর্ণ সংলাপ, যা আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ (নারায়ণগঞ্জ জেলা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণসংহতি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংলাপে তরুণ অংশগ্রহণকারীরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন,প্রত্যাশা ও বাস্তবমুখী ভাবনা তুলে ধরেন। তারা বিশেষভাবে রাজনীতি,সুশাসন,মানসম্মত শিক্ষা,কর্মসংস্থান সৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।
প্রধান অতিথি অ্যাড.আব্দুল্লাহ আল আমিন তরুণদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন,দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অপরিহার্য। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের মতামত,নেতৃত্ব ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ।
এই সংলাপকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে তরুণ নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ এবং নীতি নির্ধারণে যুব সমাজের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।