নিজস্ব প্রতিবেদক।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন গতকাল রোববার বিকেল ৩টায় শুরু হচ্ছে। দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ এ অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে।
সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
এদিকে বাজেটে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পাশাপাশি দেশের অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা,যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ কোটি টাকা বেশি।
অর্থনীতি বিশ্লেষকদের মতে,মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ,কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নতুন বাজেটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে থাকবে।