নিজস্ব প্রতিবেদক:মোঃ হোসেন হ্যাপি।
সাংবাদিকদের অধিকার,কল্যাণ ও মানবিক সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এবং বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীসহ মোট ৫১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন,কিছু অসাধু সাংবাদিকের কারণে পুরো সাংবাদিক সমাজকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে সাংবাদিক বিদ্যুতের মতো ব্যক্তিরা মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন,যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ছাড়া সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর জীবনাদর্শ আমাদের অনুসরণ করা উচিত।
দেশের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রামিসা, তক্বী,চঞ্চল ও সাংবাদিক সাগর-রুনী হত্যাসহ আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন,বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত রায় কার্যকর নিশ্চিত করতে হবে।
প্রধান আলোচক আফজাল হোসেন পন্টি বলেন,বর্তমানে জেলা পর্যায়ের সাংবাদিকরা নানা বৈষম্য ও অবহেলার শিকার। মিডিয়া মালিকরা ঢাকায় বসে সমালোচনা করলেও জেলা প্রতিনিধিদের কষ্ট ও আর্থিক সংকট খুব কমই বিবেচনা করা হয়।
তিনি সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ অনুধাবনের ওপর গুরুত্বারোপ করে বলেন,ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের মতো সংগঠন সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় একটি ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন,শিক্ষাজীবন থেকেই আমি মহানবী (সা.)-এর প্রেমে অনুপ্রাণিত হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করার চেষ্টা করেছি। সেই অনুপ্রেরণা থেকেই ১৯৯৮ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে মানবসেবামূলক কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,সাংবাদিক সমাজের কল্যাণে এই ঈদ উপহার কার্যক্রম আমাদের সামান্য প্রয়াস। জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের সেবা ও কল্যাণে কাজ করতে পারি, সবার কাছে সেই দোয়া চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।