প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন‘লজিক অফ বাংলাদেশ’-কে অগ্নি-নির্বাপণ ও নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হয়েছে। ক্লিমেট রেসিলিয়েন্ট ক্যাম্পাস ইনীতিটিভ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২১ মে) সদর উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি-এর হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
বিতরণকৃত সরঞ্জামের মধ্যে ছিল ২টি ফায়ার স্যুট,২০টি হেলমেট,২০জোড়া গাম বুট,২০জোড়া হ্যান্ড গ্লাভস,২০টি ভেস্ট,২০টি সেফটি মাস্ক,১টি ফার্স্ট এইড বক্স,২০টি বাঁশি ও ২০টি টর্চ লাইট।
জানা যায়, গত ২৪ এপ্রিল কয়েমপুর এলাকায় জেলা কারাগারের পাশের ভয়াবহ অগ্নিকাণ্ডে‘লজিক অফ বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তাদের সাহসী ও মানবিক ভূমিকা উপজেলা প্রশাসনের নজরে আসলে স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন,তরুণদের এমন ইতিবাচক ও মানবিক কাজে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন,ক্লিমেট রেসিলিয়েন্ট ক্যাম্পাস ইনীতিটিভ এর মূল লক্ষ্য নিরাপদ,টেকসই ও স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। স্বেচ্ছাসেবীদের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবেই এসব সরঞ্জাম প্রদান করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই সহযোগিতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকতে আমরা আরও প্রস্তুত থাকব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল,পিআরও পবিত্র চন্দ্র মন্ডল,ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।