নিজস্ব প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব নিলুফা ইয়াসমিন।
সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার, জনসচেতনতা বৃদ্ধি, প্রচার কার্যক্রম জোরদার এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,তৃণমূল পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।তিনি ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে নিলুফা ইয়াসমিন গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিং এবং জনগণকে সচেতন করার ওপর জোর দেন।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।