নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান—মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণ–এর সাম্প্রতিক বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক।
রোববার (৮ মার্চ) এক প্রেস বিবৃতিতে তিনি বলেন,এই মন্তব্য শুধু ঐতিহাসিক তথ্য বিকৃতি নয়,বরং এটি পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
তিনি বলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের মন্তব্য করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি স্পষ্ট অসম্মান।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি–এর মাধ্যমে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বর্তমানে ওই চুক্তির আলোকে অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে ত্রিপুরার রাজ সদস্যের এই ধরনের বিভেদমূলক বক্তব্য শান্তি চুক্তির চেতনার ওপর সরাসরি আঘাত এবং অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা।
ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন,কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে অবিলম্বে তার মিথ্যা ও উস্কানিমূলক মন্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের নাগরিক যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি পার্বত্য অঞ্চলের সর্বস্তরের জনগণকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়,পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ ও এখানকার জনগণের অধিকার নিয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।