স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ।
পাগলা বাজার বালুরঘাট এলাকায় রাতের অভিযানে উদ্ধার,আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা থানা-এ হস্তান্তর।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী বালুরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়,'বাংলাদেশ আমার অহংকার'স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস,চাঁদাবাজি,জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব জানায়,রাত্রীকালীন টহল ডিউটির সময় গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকায় একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি কালো রঙের ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কর্মকর্তারা জানান,অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।