নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঁদাবাজি,মাদক ও ভূমিদস্যুতা নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী দেশে সন্ত্রাস,চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অপরাধীদের পক্ষে তদবিরকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপের কথা উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মান্নান বলেন,সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ-কে পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধার আওতায় আনা হবে। তিনি সরকারি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
মতবিনিময় সভা শেষে এক মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১১টি পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থের চেক বিতরণ করেন এমপি মান্নান। এ সময় তিনি বলেন, জনগণের সংকটে জনপ্রতিনিধি ও সরকার পাশে থাকবে—এটাই তাদের অঙ্গীকার।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সোনারগাঁ থানা-র কর্মকর্তারা।