নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় আয়োজনে শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় লাভ করে বিএনপি। নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে,যা সরকার গঠনে নির্ধারক ভূমিকা রাখে।
২০০১–২০০৬ মেয়াদের পর এবারই প্রথম আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী,২৪ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হয়েছেন—যা প্রশাসনিক ভারসাম্য রক্ষায় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি,নির্বাচনব্যবস্থা,প্রশাসনিক সংস্কার এবং উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো সামনে রেখে দ্রুত কর্মপরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।