নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,১৬ ফেব্রুয়ারি ২০২৬:
দেশ ও জনগণের কল্যাণে সরকার এগিয়ে এলে সব ধরনের গঠনমূলক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,জাতীয় স্বার্থে প্রয়োজন হলে জামায়াত সংসদ ও সংসদের বাইরে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকার আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা.শফিকুর রহমান বলেন,অতীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য ব্যাহত হয়েছে এবং জনগণ বহুবার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ। জনগণের আস্থা রক্ষায় সংসদে ও মাঠে—দুই জায়গাতেই আমরা সক্রিয় থাকবো।
তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। নতুন সংসদের যাত্রাকে,নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন,দায়বদ্ধতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
জুলাইয়ের আন্দোলন ও ত্যাগের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন,জাতির সংগ্রামের চেতনা ধারণ করেই দল সামনে এগোবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে কোনো বিষয়ে আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি জনগণের সঙ্গে সার্বক্ষণিক সংযোগ রাখার আহ্বান জানান এবং বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হবে আমাদের রাজনীতির মূল প্রতিশ্রুতি।
মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।