নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ ব্লক রেইড অভিযানে ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পুরিয়া হেরোইন, ৩০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা, শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকা ও টাইগার মিল মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ওমর ফারুকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দেলোয়ার হোসেন (৫৬), মাসুদ রানা (২৫),দুলাল হোসেন (৩৯),বিজয় (৩০),জুম্মন মোল্লা (৩০),শাকিল (২৮),মো.হৃদয় (১৬),মো. হৃদয় (১৮),আলেয়া বেগম (৬০), ফারজানা আক্তার (২৫), রাবেয়া আক্তার (২৫),শাকিল (২২) ও টিটু (৩০)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান,মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।