বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় স্থানীয়ভাবে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।
নিহত ব্যক্তির নাম রইক্ষ্যা ডাকাত বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরি, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্র জানায়,ঘটনাকে কেন্দ্র করে নয়াপাড়া ক্যাম্পসংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে এবং টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য,রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার,অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করে আসছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটন এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।